নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছেনা ‘রইদ’

শাহজাহান স্বপন
| আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৫ পিএম | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৭:৩৩ পিএম
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছেনা ‘রইদ’

‘হাওয়া’ দিয়ে সিনেমা হলে ঝড়ো হাওয়া তুলেছিলেন মেজবাউর রহমান সুমন। দেশ-বিদেশে দর্শক হুমড়ি খেয়ে পড়েছিলেন ছবিটি দেখতে। সেই হাওয়ার পর এবার নতুন সিনেমা নির্মাণ করেছেন সুমন। তাঁর নতুন সিনেমার নাম ‘রইদ’। গত বছর সিনেমাটির শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। এবার জানালেন, আগামী কোরবানি ঈদে মুক্তি পাবে ‘রইদ’। যদিও প্রথম দিকে নির্মাতা জানিয়েছিলেন দুই ঈদের মাঝামাঝিতে মুক্তির পরিকল্পনা করছেন সিনেমাটি। তবে সে পরিকল্পনা থেকে সরে এসেছেন নির্মাতা। করছেন মুক্তির নতুন পরিকল্পনা। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সুমন বলেন, ‘কোরবানি ঈদকে ঘিরেই পরিকল্পনা আমাদের। ওই সময় ছবিটি মুক্তি দিতে চাই। সেভাবেই এগুচ্ছি। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দিতে পারব আশা করছি। গেল বছরের শেষে পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়েছিল সিনেমাটির। সে সময় মুগ্ধতা ছড়ায় দর্শকদের মাঝে। এরপর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম তথা আইএফএফআর-এর ৫৫তম আসরে অংশ নেয় সিনেমাটি। সেখান থেকে পুরস্কার ঘরে নিয়ে ফিরতে না পারলেও ফেরেন দর্শকদের একরাশ মুগ্ধতা নিয়ে। পরিচালক মেজবাউর রহমান সুমন জানান উৎসবে বৃষ্টি, শীত উপেক্ষা করে ‘রইদ’-এর উত্তাপ নিয়েছেন দর্শক। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি এবং মোস্তাফিজুর নূর ইমরান। গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে