জমি বিরোধের জেরে ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের উপস্থিতিতে এ আদেশ প্রদান করেন। সেইসাথে মৃত্যুদন্ড প্রাপ্তদের ত্রিশ হাজার ও যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তদের পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন বিচারক। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, ভালুকার নারাঙ্গীর আব্দুস ছামাদের ছেলে মো.মাসুদ মিয়া (৪১) ও মৃত জনাব আলী ছেলে মো. ফরিদ খলিফা (৪৮)। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন, মৃত জনাব আলীর ছেলে আব্দুস ছামাদ (৬৮), তার ছেলে আ. মতিন (৪৫), মৃত রমজান মৌলভীর দুই ছেলে মো. মোশারফ হোসেন (৫৮) ও মো. মোখলেছুর রহমান (৫৩), আজিজুল হকের দুই ছেলে মো. মোফাজ্জল হোসেন (৫৮) ও তোফাজ্জল হোসেন (৪৮), আজগর আলী আকন্দের ছেলে মো. নাজমুল মিয়া (৪৩), আব্বাছ আলী আকন্দের দুই ছেলে মো. শাহজাহান আকন্দ (৪৮) ও মো. আতিকুল আকন্দ (৩৯) ও মৃত জয়নাল আকন্দের ছেলে মো. সিদ্দিক মিয়া (৬৩)। আদালতে সকলে উপস্থিত থাকলেও সিদ্দিক মিয়া পলাতক রয়েছে। বিশেষ দায়রা জজ আদালতের স্টোনোগ্রাফার হাফিজুর রহমান জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগষ্ট সকালে ভালুকার নারাঙ্গী এলাকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুর উপর প্রতিবেশিরা দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ঐদিন রাতেই নিহত মিন্টুর স্ত্রী লতিফা খাতুন ভালুকা মডেল থানায় ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। মামলার তদন্ত, ১৮ জন সাক্ষির সাক্ষ্যগ্রহন, জেরা, আইনজীবীদের তর্ক, শুনানী শেষে আদালতে বিচারক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌসুলী মো. আকরাম হোসেন ও আসামী পক্ষের কৌসুলী এ.এইচ.এম. খালেকুজ্জামান মামলাটি পরিচালনা করেন।