পূর্ব সুন্দরবন সংলগ্ন লোকালয়ে অজগর সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তিনটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। সর্বশেষ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে খবর পেয়ে বগী ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা মঠবাড়িয়ার আমড়াগাছিয়া গ্রাম থেকে একটি অজগর উদ্ধার করেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশনের ডেপুটি রেঞ্জার কাজী তামিল রসুল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৬ ফুট দৈর্ঘ্যরে অজগরটি ওই দিন বিকেলে বগী ফরেস্ট স্টেশন সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়।
এর আগে গত ১৩ জুলাই মোড়েলগঞ্জের কেসি চালতাবুনিয়া গ্রামের মজিবুর রহমান হাওলাদার মাছ ধরার বুছনা জাল তুলতে গিয়ে দেখতে পান, জালে একটি বিশাল আকৃতির অজগর আটকে আছে। খবর পেয়ে স্থানীয় রাসেল কবিরাজ ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। ৯ ফুট দৈর্ঘ্য ও ২০ কেজি ওজনের এই অজগরটি দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। পরে চাঁদপাই রেঞ্জের গুলশাখালী টহল ফাঁড়ির ওসি আব্দুল হাকিম অজগরটি উদ্ধার করে ওই দিন বিকেলে সুন্দরবনে অবমুক্ত করেন।
সপ্তাহের শুরুতে, গত ১০ জুলাই শরণখোলা উপজেলার লাকুরতলা গ্রামে কৃষক মিলন তালুকদারের ধানক্ষেতে পাতা নিষিদ্ধ চায়না দোয়ারি জালে একটি অজগর আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় সাপুড়ে শামসু তালুকদার অজগরটি উদ্ধার করে শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন। শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, ১০ ফুট দৈর্ঘ্যরে এই অজগরটির আনুমানিক ওজন সাত থেকে আট কেজি। পরে এটিকে অফিস সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়।