কুষ্টিয়া৪৭ বিজিবির উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে।
আজ (১৯ জুলাই ২০২৬) কুষ্টিয়া সেক্টর ও কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোঃ নুরুল হুদা। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং দেশ, জাতি ও বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মোঃ নুরুল হুদা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া মানে একটি সবুজ, নিরাপদ ও টেকসই ভবিষ্যতের বীজ বপন করা। পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।