মণিরামপুরে জোহরা দম্পত্তির পাশে দাঁড়ালেন ইউএনও

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) :
| আপডেট: ১ আগস্ট, ২০২৬, ০১:১১ পিএম | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০১:১১ পিএম
মণিরামপুরে জোহরা দম্পত্তির পাশে দাঁড়ালেন ইউএনও

যশোরের মণিরামপুর পৌর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া হরিহর নদীর তীরে বাঁশের খুঁটির ওপর দাঁড়িয়ে থাকা একটি জরাজীর্ণ খুপরি ঘরে মানবেতর জীবনযাপন করা হাফিজুর রহমান ও জোহরা বেগম দম্পতিকে নিয়ে সংবাদ প্রকাশের পর তাঁদের খোঁজ নিতে ছুঁটে যান মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে ইউএনও সম্রাট হোসেন হরিহর নদীর তীরে জোহরা দম্পতির বসতঘরে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ খবর নেন।

এর আগে প্রকাশিত সংবাদে উঠে আসে, বাঁশের খুঁটির ওপর নির্মিত চাটাই, পুরোনো চটের বস্তা ও ঘুনে ধরা কাঠের তক্তা দিয়ে ঘেরা একটি খুপরি ঘরে পলিথিনের ছাউনির নিচে বসবাস করছেন হাফিজুর রহমান ও জোহরা বেগম। বর্ষায় ছাউনি চুইয়ে পানি পড়ে, আর গরমে অসহনীয় তাপের মধ্যে দিন কাটে তাঁদের। পরিবারের নামে বরাদ্দ পাওয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের একমাত্র ঘরটিতে তাঁদের ছেলে পরিবার নিয়ে থাকায় স্বামী-স্ত্রীর ঠাঁই হয়েছে নদীর তীরের এই ঝুঁকিপূর্ণ ঘরে।

সংবাদ প্রকাশের পর ইউএনও সম্রাট হোসেন তাঁদের জন্য সরকারি বরাদ্দের একটি ঘরের প্রস্তাব দিলেও পারিবারিক কারণে জোহরা দম্পতি তা গ্রহণে অপারগতার কথা জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন ওই পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা নগদ সহায়তা এবং খাদ্যসামগ্রী তুলে দেন। একই সঙ্গে তিনি জানান, তাঁদের যে কোন সমস্যায় উপজেলা প্রশাসন পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ সময় ইউএনও আরও বলেন, বর্তমানে তাঁদের ঘরের পলিথিনের ছাউনি দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত টিনের ব্যবস্থা করে দেওয়া হবে। যাতে অন্তত নিরাপদে বসবাস করতে পারেন জোহরা দম্পতি। তাদের দীর্ঘদিনের কষ্টের জীবনে প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন হাফিজুর রহমান ও জোহরা বেগম।

আপনার জেলার সংবাদ পড়তে