গোবিন্দপুরে হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৬, ০৩:৫৭ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৩:৫৭ পিএম
গোবিন্দপুরে হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মেঘনা উপজেলা  থেকে ফিরে : রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মেঘনা উপজেলার আলীপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। নিহত কোহিনূর বেগম  গোবিন্দপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। 

তিনি বলেন, মেঘনার এক ইঞ্চি জায়গাও কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী মেঘনা যা পাওয়ার, তা নিশ্চিত করা হবে। সংঘর্ষ কোনো সমস্যার সমাধান নয়। কোহিনূর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল ওদুদ মুন্সীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজ সেবক সাহাব উদ্দিন, বশির আহমেদ, আব্দুর মালেক, ডা. জাকির হোসেন, হাবিবুল্লাহ মেম্বারসহ নিহতের স্বজন ও সংঘর্ষে আহত ব্যক্তিরা। পরে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বিনোদপুর-ভাটারা গ্রামের আহত ব্যক্তিদের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন। ভবিষ্যতে যাতে আর কোনো সংঘর্ষ না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৬ জুলাই চর দখলকে কেন্দ্র করে মেঘনা ও তিতাস উপজেলার দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনায় অন্তত ৪০ জন আহত হন। প্রায় উভয় পক্ষের ১০০টি ঘরবাড়ি ভাংচুর, মালামাল লুট,  সংঘর্ষে গলায় টেঁটাবিদ্ধ হয়ে কোহিনূর বেগম নিহত হন। এ ঘটনায় নিহতের স্বামী কাবিল মিয়া ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত পুলিশ এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে