দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১জন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৫ আগস্ট, ২০২৬, ০৭:৪০ পিএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৭:৪০ পিএম
দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১জন

কুষ্টিয়ার  দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে দুই শিশু নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এক শিশুকে জীবিত উদ্ধার করলেও অপর শিশুটি প্রমত্তা পদ্মার স্রোতে নিখোঁজ রয়েছে। স্থানীয় সূত্র জানায়, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ পাড় ধসে পানির নিচে তলিয়ে যায় ভুরকাপাড়া গ্রামের ইজাজুল মন্ডলের মেয়ে জামিলা খাতুন (৭) ও আশিক শেখের মেয়ে নূরিয়া খাতুন (৮)। চিৎকার শুনে স্থানীয়  গ্রামবাসীরা দ্রুত এগিয়ে আসেন। স্থানীয় যুবক লালন শেখের তৎপরতায় জামিলাকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তীব্র স্রোতের কারণে নূরিয়া গভীরে তলিয়ে যায়। সন্তান হারিয়ে দিশেহারা নূরিয়ার পরিবারে চলছে শোকের মাতম। সংবাদ পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছায় ভেড়ামারা ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশ। ​ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার শফিকুল ইসলাম জানান, প্রবল স্রোত ও গভীরতার কারণে তল্লাশি ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজে অংশ নিতে খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃখালেদুর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং ফায়ার সার্ভিসকে সহায়তার পাশাপাশি নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তৎপরতা জোর চালানো হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে