সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৯:১৯ পিএম
সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সিলেটে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার সকাল ৬টা ১ মিনিটে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।


দিনের প্রথম প্রহরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন সিসিক প্রশাসক।


শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কোনো অপচেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। এ দেশে কখনোই ফ্যাসিবাদ ফিরে আসবে না।”


তিনি আরও বলেন, ৪ আগস্ট সিলেটে সংঘটিত সহিংসতায় গোলাপগঞ্জে সাতজন, বিয়ানীবাজারে তিনজন এবং সিলেটে তিনজন শহীদ হন। তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। এ আন্দোলনের পথে এম. ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মী গুম হয়েছেন এবং অসংখ্য মানুষ শহীদ ও আহত হয়েছেন। তবে গণতন্ত্রকামী মানুষ আন্দোলন থেকে কখনো পিছিয়ে যাননি এবং শেষ পর্যন্ত জনগণের বিজয়ই প্রতিষ্ঠিত হয়েছে।


এ সময় বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিভিল সার্জন ডা. নাসির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে