হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
কর্মসূচির অংশ হিসেবে সকালে জুলাই শহীদ শামীমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা, আলোচনা সভা এবং উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইমরুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ গন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মারুফ মিয়া, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগ, সাংবাদিক তোফাজ্জ্বল হোসেন চৌধুরী, জুলাই যোদ্ধা সৈয়দ বোরহানউদ্দিন, হৃদয় মিয়া প্রমুখ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।