অদম্য ইচ্ছাশক্তি আর শিক্ষার প্রতি অঙ্গীকারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থী আন্নাবিউল উম্মি। সন্তান জন্ম দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই তিনি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আন্নাবিউল উম্মি একটি সন্তানের জন্ম দেন। শারীরিক অবস্থা বিবেচনায় এটি ছিল অত্যন্ত কঠিন সময়। কিন্তু শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা থেকে পিছিয়ে না থেকে বিকেল ১টা ৩০ মিনিটে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেন। তাঁর এই দৃঢ় মনোবল ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা উপস্থিত শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদের মুগ্ধ করে। এ বিষয়ে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শাহীদ শাহাব বলেন,আন্নাবিউল উম্মির এই সাহস, অধ্যবসায় ও শিক্ষার প্রতি আন্তরিকতা সত্যিই অনুকরণীয়। জীবনের কঠিন মুহূর্তেও তিনি পরীক্ষায় অংশ নিয়ে অসাধারণ মানসিক শক্তির পরিচয় দিয়েছেন। কলেজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর সুস্বাস্থ্য, নবজাতকের সুন্দর ভবিষ্যৎ এবং শিক্ষাজীবনে সফলতা কামনা করছি।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন,আন্নাবিউল উম্মির এই ঘটনা প্রমাণ করে যে দৃঢ় সংকল্প থাকলে প্রতিকূল পরিস্থিতিও মানুষের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। তাঁর এই অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ অন্য শিক্ষার্থীদের কাছেও সাহস ও অধ্যবসায়ের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।