বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় বিলিভার্স ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার বার্ষিক শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার প্রিন্সিপাল শাহজালালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের তোকাত গাজিওসমানপাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো. মাইন উদ্দিন, হবিরবাড়ী বাহারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, স্থানীয় জামায়াতের সেক্রেটারি এবং জুলাই বিপবের বীর যোদ্ধা রেজাউল করিম শাকিল। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ইসলামিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের দিকগুলো তুলে ধরেন।