‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের (ণচঅএ) উদ্যোগে ত্রৈমাসিক ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিশ্বম্ভরপুরে অনুষ্ঠিত সভায় ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের যুগ্ম সমন্বয়কারী সামছুল কবিরের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী আফরোজা জামানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুলমালা। সভায় স্বাগত বক্তব্য দেন কুদরত পাশা।
সভায় বক্তারা বলেন, বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন জাতি, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের বসবাস। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বিশ্বম্ভরপুর গড়ে তুলতে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপ কাজ করে যাচ্ছে।
তারা বলেন, ‘সংঘাত নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’ এই লক্ষ্যকে সামনে রেখে তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সম্প্রীতি, শান্তি ও সহনশীলতার পরিবেশ তৈরিতে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জানানো হয়, আগামী ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিশ্বম্ভরপুর ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উদ্যোগে উপজেলা পরিষদ ক্যাম্পাস ও বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মকাণ্ড পরিচালনার ওপরও গুরুত্ব দেন তারা। সভায় বক্তব্য রাখেন ণচঅএ-এর মেরাজুল ইসলাম, মোস্তাকিম হোসেন, ইমাম হোসেন, শান্তনা আক্তার, রত্না, মিনারা আক্তার, সাগর দেবনাথ, সুইটি পাল, পাপিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আসমা আক্তার, তাইবা আক্তার তোহা ও পিহা আক্তার। সভায় বিশ্বম্ভরপুর উপজেলায় শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও পরিবেশ সংরক্ষণে তরুণদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।