বরিশালের উজিরপুর উপজেলার জনগুরুত্বপূর্ণ সানুহার-ধামুরা-সাতলা সড়ক দীর্ঘদিন থেকে যানবাহনসহ জনসাধারণের চলাচলে মরন ফাঁদে পরিনত হয়েছে। যেকারণে জরুরি ভিত্তিত্বে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রবিবার (৯ আগস্ট) বিকেলে এ কর্মসূচি চলাকালীন সময় বিক্ষুব্ধরা সড়কের অসংখ্য গর্ত, খানাখন্দ ও কাদাপানিতে চরম দুর্ভোগের কথা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগাহ বাজারের সামনে প্রায় ঘণ্টাব্যাপী সড়কে যান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় ‘সড়ক সংস্কার করতে হবে’, ‘দুর্ভোগের অবসান চাই’সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভে স্থানীয় মশিউর রহমান, ইয়াছিন ফরাজী, হিমেল, সামিয়া তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এ সড়কটি এখন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে। বিভিন্নস্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদার সৃষ্টি হয়। ফলে পথচারী থেকে শুরু করে অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সড়কের কোথাও কোথাও গর্ত ও কাদাপানিতে এমন অবস্থা তৈরি হয়েছে যে, কোনটি সড়ক আর কোনটি জলাবদ্ধ অংশ তা বোঝাই কঠিন হয়ে পরেছে। এতে করে দুর্ঘটনার আশঙ্কা বাড়ার পাশাপাশি যানবাহন বিকল হওয়ার ঘটনাও ঘটছে বলে জানান স্থানীয়রা। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীদের নিয়মিত চলাচলের অন্যতম পথ এটি। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে ঝুঁকি আরও বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের দুরবস্থার প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী ঈদগাহ বাজারের ব্যবসা-বাণিজ্যে। পণ্য পরিবহনে সময় ও খরচ বেড়েছে। সড়কের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে অনেক যানবাহন চালক এ পথ এড়িয়ে চলায় বাজারের ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পরেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার বিষয়টি জানানো হলেও কার্যকর সংস্কারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে। এ অবস্থায় বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, সড়কটি সংস্কারের জন্য এর আগে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং টেন্ডারও হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহী না হওয়ায় তখন সংস্কারকাজ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে সড়কটি সংস্কারের জন্য পুনরায় টেন্ডার হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু করা হবে।