বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ। তবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৩৬ টি। সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, গত বছরের থেকে এবারে অংশগ্রহনকারী পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৪৭৩ জন কম রয়েছে। তবে পাসের হার গতবারের থেকে এবারে ৩ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। আর সেই পাশের হারের হিসেবে অনুযায়ী, বরিশাল বোর্ডে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৬৬ দশমিক ৬৫ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৫৩ দশমিক ১৫ শতাংশ। মেয়েদের এগিয়ে থাকার এ ধারাবাহিকতা টানা ছয়বছর ধরেই চলে আসছে।
যেখানে বিষয়ভিত্তিক পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা। বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ৯৪ এবং ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৫৮ শতাংশ। মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ৮৭ এবং ছেলেদের পাসের হার ৩৯ দশমিক ৭৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৪৮ এবং ছেলেদের পাসের হার ৪৯ দশমিক ৭৫ শতাংশ। অপরদিকে মোট জিপিএ’র মধ্যে ১ হাজার ৫৮৫ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে, যেখানে মেয়েদের থেকে ছেলেরা ৩৯২ জন জিপিএ-৫ কম পেয়েছে। ছেলেদের জিপিএ-৫ প্রাপ্তি সংখ্যা ১ হাজার ১৯৩ টি।
বরিশাল শিক্ষা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, এবার বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১ হাজার ৫১৫ টি স্কুল থেকে ৮২ হাজার ৯০১ জন পরীক্ষার্থী ছিলো। এরমধ্যে ২১৬ টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করেছে ৮০ হাজার ৪৫৮ জন। পাশ করেছে ৪৮ হাজার ৫৫৫ জন। অপরদিকে মোট পরীক্ষায় ২৪ জনকে বহিষ্কার করা হয়েছে এবং এরমধ্যে ছেলেদের সংখ্যা দ্বিগুনেরও বেশি ছিল।