ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি সেন্টু গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৩:১৪ পিএম
ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি সেন্টু গ্রেপ্তার

বাড়ি থেকে ডেকে নিয়ে জহিরুল শিকদারকে (৪৬) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সেন্টু শিকদার (৪১) ভারতে পালিয়ে যাওয়ার সময় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে। বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান পিপিএম-সেবা জানিয়েছেন, ভারতে পলায়নকালে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানাধীন বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সেন্টু শিকদার (৪১) বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম গোয়াইল এলাকার মৃত আনিস শিকদারের ছেলে ও চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি।

র‌্যাব সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে গ্রেপ্তারকৃত সেন্টু শিকদারসহ মামলার অপর আসামিদের পরস্পর যোগসাজশে গত ১ জুলাই প্রথমে ভিকটিম জহিরুল শিকদারকে মারধর করা হয়। এরপর মীমাংসার কথা বলে ১ জুলাই দিবাগত রাত পৌনে ১০ টার দিকে বাসা থেকে ডেকে নিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে গ্রামের পশ্চিম গোয়াইল মসজিদের পাশের সড়কে নিয়ে জহিরুল শিকদারকে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি সেন্টু সিকদারসহ অন্যান্য অভিযুক্তরা মিলে বেধড়ক মারধর করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত সেন্টু শিকদার লোহার রড দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করলে সে গুরত্বের রক্তাক্ত জখম হয়। ওইসময় ভিকটিম জহিরুলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জহিরুলকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী মনি বেগম বাদি হয়ে বরিশাল আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে হত্যাকান্ডের পর থেকেই র‌্যাব-৮ এর বরিশাল সদর কোম্পানী ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং প্রধান আসামি সেন্টু শিকদার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, র‌্যাব-৮ এর বরিশাল সদর কোম্পানী, বরিশাল, র‌্যাব-১ এর গাজীপুর সিপিএসসি, র‌্যাব-৩ এর সিপিসি-২ এবং র‌্যাব-১৪ এর ময়মনসিংহ সদর কোম্পানীর যৌথ আভিযানিক দল নেত্রকোনা জেলার দুর্গাপুর থানাধীন বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।  ওইসময় ভারতে পলায়নকালে সেন্টু শিকদারকে (৪১) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ময়মনসিংহ জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে