রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার কর্ণিপাড়া দাখিল মাদ্রাসার দাখিল শাখায় ১৭ জন শিক্ষক রীতিমতো সরকারি সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। তাঁদের প্রচেষ্টায় এবার দাখিল পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে একজনও পাস করতে পারেনি। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায় বাগমারার কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসার একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। এই মাদ্রাসাটি এমপিওভুক্ত। প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষক সরকারি সুযোগ সুবিধা ভোগ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাগমারায় দাখিল পর্যায়ে ৪৪টি মাদ্রাসা রয়েছে। এরমধ্যে ৩৬টি মাদ্রাসা এমপিওভুক্ত।
কর্ণিপাড়া সাদোপাড়া মাদ্রাসা থেকে এবছর দাখিল পরীক্ষায় ১৯জন অংশ নিয়েছিল। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি।
ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সচিব ড. ওয়ারেছ আলী ফলাফলের বিষয় নিশ্চিত করে বলেন,' দুইটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্য। এরমধ্যে কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত।
এদিকে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য হওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। এদের মধ্যে আনোয়ার হোসেন ও মোবারক হোসেন বলেন,' দায়সারা পাঠদান ও শিক্ষকদের অবহেলার ফসল এই ফলাফল। নিয়োগ বাণিজ্য প্রধান মাদ্রাসাটির।
তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মামুনুর রশিদ। তিনি বলেন, যা বলার মাধ্যমিক শিক্ষা অফিস বলবে।' অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান বলেন, এখন পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়নি। পরে জানানো হবে।