চাটমোহরে দিনেদুপুরে রহস্যজনক ডাকাতির অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৫:৩১ পিএম
চাটমোহরে দিনেদুপুরে রহস্যজনক ডাকাতির অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে দিনে দুপুরে ডাকাতি হয়েছে বলে অভিযোগ। ডাকাতির এই ঘটনাকে এলাকাবাসী রহস্যজনক বলছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে। ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

জানা গেছে,খয়েরবাড়িয়া গ্রামের মৃত আঃ কাদেরের ছেলে অ্যাডভোকেট মঞ্জুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় তার স্ত্রী বাড়িতে ও অ্যাডভোকেট মঞ্জু আদালতে ছিলেন। মঞ্জুর স্ত্রী তাসনিমা জানান,সকাল ১১টার পর একজন মহিলা ছোট একটি ছেলেকে নিয়ে বাড়িতে এসে পানি চায়। এরপর ঘরে ঢোকে। ইতোমধ্যে আরো ৩জন বাড়িতে ঢোকে। এরা মঞ্জুর স্ত্রীকে হাত-পা বেঁধে রেখে চাকু বের করে ভয়ভীতি দেখিয়ে ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যায়। সে আরো জানায়,সবার মুখ খোলা ছিল,কাউকে চিনতে পারেনি। অ্যাডভোকেট মঞ্জু বলেন,খবর পেয়ে আমি পাবনা থেকে বাড়িতে এসেছি। তিনিও নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানান।  এলাকাবাসী জানান,ঘটনাটি তাদের জানা নেই। চাটমোহর-পাবনা সড়কের তেনাপীর তলা মার্কেটের সাথে অ্যাডভোকেট মঞ্জুর বাড়ি। অথচ কেউ জানলো না ডাকাতির ঘটনা। ঘটনাটি জানার পরই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রহস্যজনক এই ডাকাতির ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।  চাটমোহর থানার এসআই আবুল কালাম জানান,ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে