কালীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও মূল অভিযুক্ত গ্রেফতার

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৩:৩৪ পিএম
কালীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও মূল অভিযুক্ত গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে অপহরণের শিকার অষ্টম শ্রেনির এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজীব হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার দামোদরপুর বাজার থেকে গত ২ আগস্ট সকালে ওই স্কুল ছাত্রীকে মোটর সাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায় রাজীব। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী সাথী খাতুন (১৪) বাঘারপাড়া উপজেলার জহুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, স্কুলে যাওয়া-আসার পথে বনগ্রামের হাসান আলীর ছেলে রাজীব হোসেন তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং বিভিন্ন প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেওয়া হয়।গত ২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে দামোদরপুর বাজারে আব্দুস সালামের জুতার দোকানের সামনে পৌঁছালে রাজীব মোটর সাইকেলে করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে বাঘারপাড়ার দিকে চলে যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মামলা রুজুর পর আধুনিক তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রাজীব হোসেনকে গ্রেফতার করা হয়। একই অভিযানে অপহৃত স্কুল ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার রাজীবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আপনার জেলার সংবাদ পড়তে