এক যুগ পর সৈয়দপুর পৌর ও উপজেলা যুবদলের নতুন কমিটি

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ১২:৫৮ পিএম
এক যুগ পর সৈয়দপুর পৌর ও উপজেলা যুবদলের নতুন কমিটি

দীর্ঘ প্রায় ১২ বছর পর সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আওতাধীন দুটি গুরুত্বপূর্ণ ইউনিটের লিখিত কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪ আগস্ট অনুমোদিত এসব কমিটির মধ্যে রয়েছে সৈয়দপুর সদর উপজেলা (আংশিক) এবং সৈয়দপুর পৌর যুবদল (পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি)। এছাড়া একই সঙ্গে কিশোরগঞ্জ উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই নতুন কমিটিগুলোর অনুমোদন দেন। কমিটি ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে সৈয়দপুর সদর উপজেলা যুবদলের ৩৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি তৈরি করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর সদর উপজেলা ও পৌর যুবদলের শেষ লিখিত কমিটি হয়েছিল প্রায় এক যুগ পুর্বে। এতদিন পর নতুন লিখিত কমিটি পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে দারুণ উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়েছে। তৃণমূলের অনেক নেতাকর্মী জানান, ছাত্রদল থেকে আসা তরুণ নেতাদের অদম্য চেষ্টার ফলেই দীর্ঘদিনের এই অচলায়তন ভেঙে নতুন লিখিত কমিটি পাওয়া সম্ভব হয়েছে। নতুন এই নেতৃত্বের হাত ধরে এলাকায় যুবদলের সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছেন দলের জ্যেষ্ঠ নেতারা। গত ১৫ আগস্ট এক আনন্দ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে একে অপরকে মিষ্ঠি খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।

আপনার জেলার সংবাদ পড়তে