সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম; দুয়ারাবাজার, সুনামগঞ্জ) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৫:৩১ পিএম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রাক্টরকে মোটরসাইকেলের সাইড দেওয়া নিয়ে বাকবিতণ্ডা ও পূর্ব শত্রুতায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামে আলী আশরাফের বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাঁঠালবাড়ী গ্রামের ১ম পক্ষ মো. ওয়াদুদ মিয়া (৫৭) ও ২য় পক্ষ আলী আশরাফ (৪৮)-এর মধ্যে মোটরসাইকেলকে ট্রাক্টরের সাইড দেওয়া নিয়ে তর্কাতর্কি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১ম পক্ষের সিদ্দিকুর রহমান (২৫), রিয়াজ উদ্দিন (২১), মিছবা উদ্দিন (২৫) ও জাফর ইকবাল (২০) এবং ২য় পক্ষের জয়নাল আবেদীন (৩৫), সোলেমান (৩০), রিফাত মিয়া (১৬), রিয়াদ (২৫), দেলোয়ার হোসেন (৩৫), বেবী (৪৫) ও ইউনুছ মিয়াসহ (৫০) উভয় পক্ষের অন্তত ১২ জন জখম হন।

সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মুরুব্বিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, সংঘাতের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে