পাবনার চাটমোহরে কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ এবং রোষানলে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক অসহায় হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে ওই প্রধান শিক্ষক জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের স্কুলে নিয়মিত যাতায়াত করছেন। বদলীর জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বিভাগে আবেদন নিবেদন করেও কোন প্রতিকার পাচ্ছেন না তিনি।
জানা গেছে,পাবনা জেলার চাটমোহর উপজেলার প্রত্যন্ত এলাকা হান্ডিয়াল ইউনিয়নের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম সরকারকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় মিথ্যে অভিযোগে উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ওই স্কুলে বদলী করা হয়। দীর্ঘ ১১ বছর ধরে দূর্গম পথ অতিক্রম করে নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে সাইদুল ইসলাম সরকার চরমভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে বৃদ্ধা মাকে রেখে প্রত্যন্ত অঞ্চলের স্কুলে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে তাকে। অথচ অনেক স্থানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সুবিধাজনক অবস্থানে যুগ যুগ ধরে অবস্থান করছেন। এমনকি উপজেলা শিক্ষা অফিসের কারসাজিতে দু’একজন শিক্ষক নিজের স্কুল ছেড়ে উপজেলা সদরের পাশে ডেপুটেশনে রয়েছেন। প্রধান শিক্ষক সাইদুল ইসলাম সরকার অসুস্থতাসহ নানা সমস্যার কারণে বারবার বদলীর আবেদন কররেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করছেনা বরং তাকে নানাভাবে হয়রানী করা হচ্ছে।
প্রধান শিক্ষক সাইদুল ইসলাম সরকার জানান,রায়নগর স্কুলটি শুধু দূরেই নয়,যাতায়াতের রাস্তার বেহাল অবস্থা। উপজেলা সদর থেকে স্কুলে যাতায়াত করতে প্রায় ১০ কিলোমিটার ফাঁকা সড়ক। অনেক সময়ই বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ফাঁকা রাস্তায় জীবনের ঝুঁকি রয়েছে। তিনি জানান,অনেক শিক্ষক বদলী হচ্নে,সুবিধা পাচ্ছেন। অথচ আমার ক্ষেত্রে চরম বৈষম্য ও বিমাতাসূলভ আচরণ করা হচ্ছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এ বিষয়ে চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি জানান,প্রধান শিক্ষকদের অপাতত বদলীর কোন নির্দেশনা নেই। বদলীর সিদ্ধান্ত হলে অবশ্যই সে আবেদন করতে পারবেন। সে তো ঠিকমতো স্কুলে থাকে না। তাকে ভালোভাবে চলতে বলেন। সে তো বিভাগীয় অপরাধে ওই স্কুলে বদলী হয়েছে।