ময়মনসিংহ অঞ্চলের সাম্প্রতিক আবহাওয়ার চিত্র আমাদের সামনে এক নতুন বাস্তবতা তুলে ধরছে। টানা বর্ষণ, অতিরিক্ত আর্দ্রতা, দুর্বল বায়ুপ্রবাহ, ভ্যাপসা গরম এবং ঘন ঘন বজ্রপাত-এসবকে আর বিচ্ছিন্ন মৌসুমি বৈশিষ্ট্য বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে, এটি জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাবেরই বহিঃপ্রকাশ, যার সবচেয়ে বড় মূল্য দিচ্ছেন খোলা আকাশের নিচে কাজ করা কৃষক, নির্মাণশ্রমিক, ইটভাটা শ্রমিক, রিকশাচালক ও দিনমজুররা। শুধু তাপমাত্রা বৃদ্ধি নয়, অতিরিক্ত আর্দ্রতা ও দুর্বল বায়ুপ্রবাহ মানুষের শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করে। ফলে হিটস্ট্রোক, পানিশূন্যতা, কিডনির জটিলতা এবং কর্মক্ষমতা হ্রাসের ঝুঁকি বাড়ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে তাপজনিত অসুস্থতার রোগী বেড়েছে। এটি জনস্বাস্থ্যের জন্য একটি নতুন চ্যালেঞ্জ, যা মোকাবিলায় প্রচলিত স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশেষ প্রস্তুতির প্রয়োজন। কৃষি খাতেও পরিবর্তিত আবহাওয়ার প্রভাব স্পষ্ট। মৌসুমি বৃষ্টিপাতের সময়সূচির পরিবর্তন, দীর্ঘস্থায়ী গরম, নতুন রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ এবং আগাম বন্যার ঝুঁকি কৃষি উৎপাদনকে অনিশ্চিত করে তুলছে। জলবায়ুর সঙ্গে অভিযোজনক্ষম কৃষি প্রযুক্তি, উন্নত পূর্বাভাস ব্যবস্থা এবং কৃষকদের সময়োপযোগী পরামর্শ ছাড়া এ চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত কৃষিশ্রমিকদের জন্য বিশ্রামস্থল, নিরাপদ পানীয়জল এবং তাপ-সুরক্ষাবিষয়ক নির্দেশনা নিশ্চিত করাও জরুরি। অন্যদিকে নির্মাণশ্রমিক ও ইটভাটা শ্রমিকদের কর্মপরিবেশ নিয়েও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। অধিকাংশ কর্মস্থলে নির্ধারিত বিরতি, ছায়াযুক্ত বিশ্রামকেন্দ্র কিংবা পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় তারা সরাসরি স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় শ্রমিক সুরক্ষাকে শ্রমনীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। বজ্রপাতের ঝুঁকিও ময়মনসিংহ অঞ্চলে উদ্বেগজনক। প্রতিরোধব্যবস্থা স্থাপন করা হলেও তার কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ, সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। আগাম সতর্কবার্তা যেন দ্রুত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সেদিকেও গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তন এখন আর কেবল পরিবেশগত ইস্যু নয়; এটি জনস্বাস্থ্য, কৃষি, শ্রম, অর্থনীতি এবং দুর্যোগ ব্যবস্থাপনার সম্মিলিত চ্যালেঞ্জ। তাই খণ্ডিত উদ্যোগ নয়, প্রয়োজন সমন্বিত নীতিমালা ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা। অভিযোজনক্ষম স্বাস্থ্যব্যবস্থা, জলবায়ু-সহনশীল কৃষি, নিরাপদ কর্মপরিবেশ এবং কার্যকর দুর্যোগ প্রস্তুতি নিশ্চিত করতে এখনই উদ্যোগ নিতে হবে। কারণ পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর প্রস্তুতি যত বিলম্বিত হবে, মানবিক ও অর্থনৈতিক ক্ষতির পরিমাণও তত বাড়বে।