গাংনীতে বোমা হোসেন গ্রেপ্তার, ককটেল সদৃশ বস্তু উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ১২:৪৯ পিএম
গাংনীতে বোমা হোসেন গ্রেপ্তার, ককটেল সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হোসেন আলী গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের মৃত ওহিল উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মোছাঃ মহিমা খাতুন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, গাংনী থানাধীন বিভিন্ন এলাকায় ইতিপূর্বে উদ্ধার হওয়া পরিত্যক্ত ককটেল সদৃশ বস্তুগুলোর বিষয়ে তদন্ত করতে গিয়ে হোসেন আলীর সন্ধান পায় পুলিশ। পরে তার অবস্থান শনাক্ত করে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর হোসেন আলীর দেওয়া তথ্য অনুযায়ী শনিবার দিবাগত রাত ২টার দিকে গাংনীর পূর্ব মালসাদাহে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দেখানো স্থান থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, হোসেন আলীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট সাতটি জিআর ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে