ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করতে হবে।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত আরএমপির কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মো. মিজানুর রহমান মিনু বলেন, বিগত আমলে রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় প্রায় হাজার খানেক মাদক ও পাচারকারী চক্র শত শত কোটি টাকার মালিক হয়েছে। এসব চক্রের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিলে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এই চক্র দেশ ও জাতির শত্রু।
ভূমিমন্ত্রী বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিকল্পনায় রাজশাহীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) প্রতিষ্ঠা করা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপি তার কর্মকাণ্ডের মাধ্যমে রাজশাহীসহ সারা দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। দেশবাসী আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক নামফলকটি উদ্বোধন করা হয়। পরে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯২ সালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরু হয়। একই সময়ে আরএমপি হেডকোয়ার্টারেরও উদ্বোধন করা হয়।