ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক সেনা সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাতে সেনা ব্যারাকের কোয়াটারের ভবনের একটি কক্ষ থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত সজিব মোল্লা (২৭) মানিকগঞ্জ জেলাধীন ঘিওড় উপজেলার চক দিয়াইল এলাকার মজিদ মোল্লার ছেলে। তিনি গত ৮-৯ বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেছেন বলে সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) কর্মস্থলের ডিউটি শেষে সজিব নিজ কক্ষের দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। পরে তার অনুপস্থিতিতে রুমের দরজা নক করে তার কোন সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙ্গে রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলেও জানান উদ্ধার কারীরা। সজিব দীর্ঘদিন যাবৎ পারিবারিক ভাবে নানাবিধ চাপের মধ্যে ছিলো। মূলত সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলেও একাধিক সূত্র জানিয়েছেন।
রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক গিয়ে নিহত সেনা সদস্যের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। এরপর লাশ মৃত্যু সার্টিফিকেটের জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় রূপপুর ফাঁড়ি পুলিশ সেনা সদস্যের লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।