নারী যাত্রীদের জন্য চালু হওয়া বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসে এবার যুক্ত হয়েছে ই-টিকিটিং সেবা। টিকিটিং প্ল্যাটফর্ম সহজের প্রযুক্তিগত সহযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলাচলকারী ১৪টি মহিলা বাসে এ সেবা চালু করা হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসগুলোতে পিওএস (পয়েন্ট অব সেল) মেশিনের মাধ্যমে ই-টিকিট দেওয়া হবে। ফলে বাসে ওঠার পর নারী যাত্রীরা পিওএস মেশিন ব্যবহার করে দ্রুত ও সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন।
সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সহজ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা টিকিটিং প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে। ই-টিকিটিং কার্যক্রমের পার্টনার হিসেবে সহজ প্রযুক্তিগত সমাধান ও বাস্তবায়নে সহযোগিতা করছে।
কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট দল বিআরটিসির ডিপোগুলোতে উপস্থিত থেকে মহিলা বাসের কন্ডাক্টরদের পিওএস মেশিন ব্যবহারে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণে পিওএস মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।
সহজের পক্ষ থেকে বলা হয়, বিআরটিসির মহিলা বাসে ই-টিকিটিং চালু করা নারী যাত্রীদের জন্য গণপরিবহনে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পিওএসভিত্তিক ই-টিকিটিংয়ের ফলে টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও সংগঠিত হবে এবং যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।
ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৪টি মহিলা বাসে এ সেবা চালুর মাধ্যমে পর্যায়ক্রমে গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার সুযোগ তৈরি হয়েছে বলেও জানিয়েছে সহজ।