নাটোরের নাটোেরের লালপুরে বৃষ্টির মধ্যে সড়কের পাশে দাঁড়িয়ে অটোর পর্দা লাগানোর সময় স্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তাগাড়ির’ চাপায় শাহজাহান আলী (৩৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) বেলা ১২টার দিকে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্রিকা এলাকায় কালামের আমবাগানের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গাপুর গ্রামের সাজদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান আলী অটোতে যাত্রী নিয়ে লালপুর থেকে বাঘার দিকে যাচ্ছিলেন। আট্রিকা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি যাত্রীসহ অটোটি সড়কের পাশে দাঁড় করান। পরে অটোর পর্দা লাগানোর সময় বাঘার দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিনচালিত ‘কুত্তাগাড়ি’ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অটোতে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা স্যালো ইঞ্জিনচালিত গাড়িটির চালক সবুজ (২৪)কে আটক করেন। খবর পেয়ে লালপুর থানার এসআই মনির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ‘কুত্তাগাড়ি’ ও এর চালক সবুজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত স্যালো ইঞ্জিনচালিত গাড়িসহ চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।