চার খুনের বিচার দাবিতে রংপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৭:৩৩ পিএম
চার খুনের বিচার দাবিতে রংপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত হত্যারহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুর জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ২৫০ থেকে ৩০০ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন। দুপুর ১২টা ৫১ মিনিট থেকে ১টা ৪৭ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এ সময় সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১টা ৪৮ মিনিটে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা বলেন, গণপতি চক্রবর্তী রংপুর জিলা স্কুলের একজন সিনিয়র ও শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। তাঁর পরিবারের চার সদস্যসহ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। শুধু আসামিদের গ্রেপ্তার করলেই হবে না, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেক ব্যক্তির ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে।

তাঁরা আরও বলেন, এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। তবে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের দেওয়া তথ্য নিয়ে তাঁদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। চারজনকে হত্যার ঘটনায় আরও কেউ জড়িত ছিল কি না, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা সহযোগী ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। প্রকৃত ঘটনা আড়াল কিংবা তদন্তে কোনো ধরনের গাফিলতি তাঁরা মেনে নেবেন না।

বিক্ষোভকারীরা আগামী তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। প্রয়োজনে রংপুর অচল করে দেওয়ার পাশাপাশি ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি দেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টার দিকে রংপুর জিলা স্কুলের সামনে মানববন্ধন করেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী মো. চৌধুরী মাহমুদুন নবী ডলার। এতে সাবেক শিক্ষক মো. শফিয়ার রহমান, সাবেক শিক্ষার্থী মো. সিদ্দিক হোসেন, ২০১৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. পাপন বিন মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি শোক র‌্যালি বের করেন। র‌্যালিটি জিলা স্কুলের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে গিয়ে ইউটার্ন নিয়ে পুনরায় জিলা স্কুলের সামনে এসে শেষ হয়।

শোক র‌্যালি শেষে শিক্ষার্থীরা রংপুর জিলা স্কুল মাঠে নিহত গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেন। তাঁরা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। শিক্ষার্থীদের দাবি, গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে