ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৫:৫৯ পিএম
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭
ছবি: সংগ্রহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই নারী।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন ঢাকা বিভাগে মারা গেছেন। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া ৯০৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩০৫ জন, খুলনায় ২০২, বরিশালে ১৬৩, চট্টগ্রামে ৯৯, রাজশাহীতে ৭৩, ময়মনসিংহে ৪৫, রংপুরে ১৯ এবং সিলেটে একজন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩০ হাজার ৮৩০ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ৬৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৯৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৩৬ জন পুরুষ, ৫১ জন নারী এবং একজনের পরিচয় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধু আগস্ট মাসেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে ভয়াবহ ছিল। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ডেঙ্গুতে মারা যান ১ হাজার ৭০৫ জন।

এর পরের বছর, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন।

চলতি বছর আগস্টের শেষভাগে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়ে ৮৮ জনে পৌঁছেছে।

আপনার জেলার সংবাদ পড়তে