শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬, ০২:৩৮ পিএম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোছা. আলতাফুন্নেসা (৬৭) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের ছেলে ও নাতি আহত হয়েছেন। নিহত আলতাফুন্নেসা জয়পুরহাটের শেখপাড়া দেবীপুর সড়ক এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে একটি ভাড়া চালিত প্রাইভেট কারে করে তিনি তাঁর ছেলে ও নাতির সাথে জয়পুরহাটে ফিরছিলেন। ভোর চারটার দিকে গাড়িটি ঘোগা ব্রিজে ওঠার সময় পেছন থেকে একটি অজ্ঞাত যান কারটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত আলতাফুন্নেসা, তাঁর ছেলে মো. মাহমুদ (৫০) ও নাতি মো. সোহাগকে (৩৬) উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফুন্নেসার মৃত্যু হয়। আহত অন্য দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানান, ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে