বাংলাদেশ স্কাউটসের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিয়ে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মুখ উজ্জ্বল করেছে শিক্ষার্থী মো. হাসিবুর রহমান। গত ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত রাঙ্গামাটির কাপ্তাই, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। হাসিবুর রহমান লৌহজং উপজেলার সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ৬০ জন স্কাউটার এ প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিচ্ছে।
স্কাউটিংয়ে হাসিবের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ২০১৯ সালে সে প্রধানমন্ত্রী পদক (শাপলা কাব অ্যাওয়ার্ড) অর্জন করে। এরপর ২০২৪ সালে লাভ করে রাষ্ট্রপতি পদক (পি এস অ্যাওয়ার্ড)। চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে সে। এরই মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন স্কাউট ক্যাম্পে অংশ নিয়ে সফলভাবে কার্যক্রম সম্পন্ন করেছে হাসিব। এবার প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পেও অংশ নিয়ে নিজের অভিজ্ঞতার ঝুলিতে যোগ করছে নতুন অর্জন। হাসিবের বাবা মুহাম্মদ জাহিদুল ইসলাম সরকারি লৌহজং কলেজের বাংলা বিভাগের প্রধান। মা রেশমা আখতার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
হাসিবের বাবা-মা বলেন, স্কাউটিংসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে ছেলের এগিয়ে চলায় তাঁরা গর্বিত। তার এই পথচলায় বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তা, ঢাকা অঞ্চলের কর্মকর্তাসহ জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য তাঁরা কৃতজ্ঞ।
তাঁদের প্রত্যাশা, হাসিব ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এ জন্য তাঁরা সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। হাসিবের এই সাফল্যকে লৌহজংয়ের শিক্ষার্থী ও তরুণদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।