কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কামরুল ইসলাম (৫৮) নামে এক কুখ্যাত সন্ত্রাসী, ডাকাত কে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি একটি দুর্র্ধষ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে কুষ্টিয়া, মেহেরপুর ও পাবনা জেলার বিভিন্ন থানায় চুরি, অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার কামরুল ইসলাম দৌলতপুর উপজেলার মাদাপুর মিস্ত্রিপাড়া এলাকার রূপচাঁদ বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি সহ বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তারের জন্য দৌলতপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। গত ২৮ আগস্ট শুক্রবার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃখালেদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মহসীন চৌধুরী, এসআই মিলন হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন। পরে পরোয়ানা মূলে অভিযান চালিয়ে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে আন্তঃজেলা অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কুষ্টিয়া জেলার পাশাপাশি পার্শ্ববর্তী মেহেরপুর ও পাবনা জেলাতেও বিভিন্ন অপরাধের ঘটনায় মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চুরি, অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে দৌলতপুর থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে গতকাল শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।