চাঁদপুরের পুরান বাজারে গরিব ও দুস্থ ১৫০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা, ওষুধ, ড্রপ ও চশমা প্রদান করা হয়েছে। সামাজিক সংগঠন ‘বিজয়ী’ এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের ব্যক্তিগত উদ্যোগে এই চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়।
চক্ষু ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন আব্দুল্লাহ অপটিকস-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, তানিয়া ইশতিয়াক খান একজন মানবিক মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। মানুষের মৌলিক চাহিদার অন্যতম প্রধান উপাদান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি দীর্ঘ ৬ বছর ধরে নিজস্ব উদ্যোগে বিভিন্ন পাড়া, মহল্লা ও ওয়ার্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণসহ অসহায় রোগীদের চোখের ছানি অপারেশন ও নেত্রনালী অপারেশনের ব্যবস্থা করে আসছেন।
বিনামূল্যে এই উন্নত চিকিৎসাসেবা, চশমা ও ওষুধ পেয়ে এলাকার দুস্থ ও অসহায় রোগীরা তানিয়া ইশতিয়াক খানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মানবিক এই স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুন সমাজ সেবক সাদ্দাম হোসেন, টিম বিজয়ী ভলেনটিয়ারবৃন্দসহ এলাকার সুধীজন।