লৌহজংয়ে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫১ পিএম
লৌহজংয়ে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সেবনের সময় দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় লৌহজং থানার এসআই আজাদুর রহমানের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শামুরবাড়ী এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় বাবু সরদার (৩৫) ও মো. মামুন সরদার (৪৮) নামে দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

আটক বাবু সরদার উপজেলার ওস্তাকারবাড়ি এলাকার মোকলেছ সরদারের ছেলে এবং মো. মামুন সরদার হাড়িদিয়া এলাকার আব্দুর রহমান সরদারের ছেলে।

পরে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য সেবনের অপরাধে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম জানিয়েছেন, মাদকদ্রব্যের ব্যাবসা ও সেবন রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে