চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১১ এএম
চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস
ছবি: সংগ্রহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

মির্জা আব্বাসের দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে তার পরিবার ও দলের নেতারা জানিয়েছেন। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চলবে। প্রতিদিন ফিজিওথেরাপির ব্যবস্থাও করা হয়েছে।

গত ১১ মার্চ রমজান মাসে ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

মালয়েশিয়াতেই পরবর্তী সময়ে তার চিকিৎসা ও পুনর্বাসন চলছিল। মেডিকেল বোর্ডের পরামর্শ পাওয়ার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘ সময় চিকিৎসার কারণে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে ছিলেন মির্জা আব্বাস। দেশে ফেরার মধ্য দিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ডে ফের সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। তাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আপনার জেলার সংবাদ পড়তে