‘বাংলা কিউআরে লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বাংলা কিউআর’ সম্প্রসারণ কার্যক্রম ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্রণী ব্যাংক পিএলসি চিতলমারী ও দেপাড়া শাখা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অগ্রণী ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক ও বাগেরহাট অঞ্চল প্রধান মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: আহসান হাবীব ঠান্ডু, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সী ও মো: সাইফুল ইসলাম কচি।
সেমিনারে অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১ জুলাই ২০২৬ থেকে দেশজুড়ে সমন্বিত ও সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা হিসেবে 'বাংলা কিউআর' কোডের ব্যবহার বাধ্যতামূলক করেছে। দেশের আর্থিক খাতে কাগজের নোটের ব্যবহার কমিয়ে একটি সম্পূর্ণ ডিজিটাল লেনদেন ইকোসিস্টেম গড়ে তুলতে তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ইত্যাদি) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারগুলোর অংশগ্রহণে দেশব্যাপী এই বিশেষ সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।