ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২৫ জন বাসের যাত্রী আহত হয়েছে।তবে আহদের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনা কবলিত বাসটি গড়াই পরিবহনের। বাসটির নম্বর কুষ্টিয়াা-ব-১১-০০৫৭।
শুক্রবার সকাল সাড়ে ৮ টারদিকে কৃষ্টিয়া থেকে খুলনার উদ্দেশে যাত্রী নিয়ে যাওয়া গড়াই পরিবহনের যাত্রীবাহী বাসটি কালীগঞ্জের কেয়াবাগান নামকস্থানে পৌঁছালে এর বাসের সামনের ডান পাশের একটি চাকা খুলে যায়। এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে অন্তত ২৫ জন আহত খওয়ার খবর পাওয়া গেলেও অনেক আহত ব্যক্তি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে যশোরসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দিপু বিশ্বাস বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর ছিল।আহতরা বলেন চালক কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়ার শুরু থেকে বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছিল। বাসের সামনের এঙ্গেল ভেঙ্গে একটি চাকা খুলে গেলে এ দূর্ঘটনা ঘটে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শিশির সানা বলেন,সকালে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।কালীগঞ্জ হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। তবে শাবানা খাতুন (৩২) ও মাসুদ রানা (২৯) নামে দুজনের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ার কারনে তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।