বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, বাবার কাছ থেকে পাওয়া জমিতে বাড়ি নির্মাণের পর সেটি ভাড়া দিয়েছিলেন এই অভিনেত্রী। পরে ভাড়াটিয়ার কাছ থেকে অর্থ না পেয়ে বাড়িটিও হারান তিনি। এমনকি বর্তমানে ছোট একটি ভাড়া বাসায় থাকেন বলেও দাবি করা হয়। তবে এসব তথ্যকে বিভ্রান্তিকর বলে জানিয়েছেন দিলারা জামান। তাঁর দাবি, বাড়ি দখলের ঘটনাটি সত্য হলেও সেটি প্রায় ২২ থেকে ২৩ বছর আগের। বর্তমানে তিনি নিজের কেনা ফ্ল্যাটেই বসবাস করছেন।
শুক্রবার এ বিষয়ে দিলারা জামানের সঙ্গে কথা হলে তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’
দিলারা জামান জানান, ২০০৩ থেকে ২০০৪ সালের দিকে ঢাকার শ্যামলী এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে পৈতৃক বাড়িতে থাকতেন তিনি। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িটি ঘিরে একপর্যায়ে দখলের পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন বিষয়টি নিয়ে সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশিত হয়। পরে সংশ্লিষ্টদের মধ্যে নড়াচড়া শুরু হলে বাড়ি দখলের সেই পরিস্থিতি আর এগোয়নি।
তবে পরবর্তী সময়ে শ্যামলীর ওই বাড়িটি আর নিজের কাছে রাখেননি দিলারা জামান। পুরোনো সম্পত্তিটি বিক্রি করে ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে যান তিনি। সেখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। এরপর থেকে সেখানেই বসবাস করছেন এই অভিনেত্রী।
নিজের বর্তমান আবাসন প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২ থেকে ২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তার পর থেকে এখানেই থাকছি।’
দিলারা জামানের দুই মেয়ে বর্তমানে দেশের বাইরে থাকেন। কাজের ফাঁকে মাঝেমধ্যে তাদের কাছে গেলেও আগের তুলনায় এখন বিদেশে যাতায়াত অনেক কমেছে বলে জানান তিনি। অভিনয় নিয়েই তাঁর ব্যস্ততা বেশি। স্থায়ীভাবে দেশের বাইরে থাকার কোনো পরিকল্পনাও নেই তাঁর।
অভিনেত্রীর ভাষায়, ‘এখন আর তেমন দেশের বাইরে যাওয়া হয় না। অভিনয় নিয়েই ব্যস্ততা, আর উত্তরার নিজের ফ্ল্যাটেই থাকি।’
দুই দশকের বেশি সময় আগের একটি ঘটনা হঠাৎ করে নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় নিজেও বিস্মিত দিলারা জামান। কেন বা কীভাবে পুরোনো ঘটনাটি বর্তমান সময়ের ঘটনা হিসেবে সামনে এসেছে, সেটি তাঁর কাছেও পরিষ্কার নয়।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হঠাৎ করে এই ধরনের আজগুবি তথ্য সামনে কীভাবে এল, নিজেই তো অবাক হয়ে গেলাম!’
ফলে দিলারা জামানের আর্থিক দুরাবস্থা কিংবা বর্তমানে ভাড়া বাসায় থাকার যে তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা সঠিক নয়। পুরোনো একটি বাড়ি দখলের ঘটনাকে বর্তমান সময়ের সঙ্গে মিলিয়ে উপস্থাপনের কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।