সরকার ফাউন্ডেশনের উদ্যোগে

গজারিয়ায় ৩০০ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৮ পিএম
গজারিয়ায় ৩০০ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাউশিয়া ইউনিয়নে আমেরিকা প্রবাসী ও সরকার ফাউন্ডেশনের পরিচালক মুক্তার হোসেনের নিজ বাড়িতে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

জানা যায়, কৃষক পরিবারের সন্তান মুক্তার হোসেন একসময় নিজেও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করেছেন। পরবর্তীতে প্রবাসে গিয়ে তিনি উপলব্ধি করেন, দেশের অসংখ্য মানুষ এখনো আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকেই তিনি প্রতিষ্ঠা করেন সরকার ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর গত তিন বছর ধরে ফাউন্ডেশনটির পক্ষ থেকে বাউশিয়া ইউনিয়নের ৩০০ অসহায় পরিবারের মাঝে প্রতি মাসে নিয়মিত নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।  এরই ধারাবাহিকতায় শনিবার ৩০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। সরকার ফাউন্ডেশনের পরিচালক মুক্তার হোসেন বলেন, “আমার স্বপ্ন হলো গজারিয়াসহ সারা বাংলাদেশের প্রতিটি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মাঝে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া।” নগদ অর্থ সহায়তা পেয়ে রেহেনা বেগম বলেন, “আমরা সবসময় সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি মাসে টাকা পেয়ে থাকি। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসে।” এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাউন্ডেশনের সদস্য এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে