বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) চাঁদপাশা ময়দানের হাট বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরদাউস খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।