ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ৫৩ তম ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের মওলানা শামছুল হুদা পাঁচবাগী (র.) মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।
তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ মন গঠন, শৃঙ্খলাবোধ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আয়োজক কমিটি সূত্র জানায়, এবারের ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা দাবা, হাডুডু, হ্যান্ডবল, সাঁতার এই চারটি ইভেন্টে অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উপজেলা পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন ও কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।