ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দেড় লক্ষ ভোটের ব্যবধানে পাবনা-২ (সুজানগর ও বেড়া উপজেলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সুজানগরের কৃতি সন্তান অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। গত রোববার ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এরমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী ওই কমিটির সভাপতি মনোনীত করা হয় তাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও তিনি রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সাংগঠনিক যোগ্যতা বলে ছয় দফা দলীয় মনোনয়ন পেয়েছেন এবং দুই দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। সেই সঙ্গে তিনি সাংগঠনিক দক্ষতা বলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদও অলংকৃত করেছেন। এ দফায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী ওই কমিটির সভাপতি মনোনীত হওয়ায় নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার বইছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয় নিয়ে গঠিত ওই কমিটির সভাপতির পদ অলংকৃত করায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণ অত্যন্ত খুশি। এলাকার জনগণ আশা করছেন তিনি সংসদ সদস্য এবং একই সাথে গুরুত্বপূর্ণ ওই কমিটির সভাপতি মনোনীত হাওয়ায় বিগত দিনের চেয়ে নির্বাচনী এলাকায় আরো বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। সংসদ সদস্য সেলিম রেজা হাবিবকে গুরুত্বপূর্ণ ওই কমিটির সভাপতি মনোনীত করায় তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে তিনি যেন তার উপর অর্পিত দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে পারেন সেজন্য নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন।