পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে একাধিক হত্যা ও ধর্ষণ মামলার আসামি আদম আলী মোল্লা (৬০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোপালপুর তাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২, সিপিসি-২ পাবনা।
গ্রেপ্তারকৃত ইরাদুল ইসলাম (৫৫) আটঘরিয়া উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে। তাকে ইতোমধ্যেই আটঘরিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার একদন্তে ইউনিয়নের চন্দিপাশা গ্রামে আদম আলী মোল্লাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আদম আলী মোল্লা (৬০) একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুল পাড়ার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। আদম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণসহ অন্তত ৩টি মামলা রয়েছে। তিনি একদন্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, একদন্ত বাজারে থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আদম আলী। এসময় পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। এসময় আত্ম রক্ষার্থে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আশপাশের মানুষ এগিয়ে আসলে দুর্বৃত্তটা পালিয়ে যায়।
এ বিষয়ে পাবনার আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ইরাদুল ইসলামকে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ঘটনাটি পুরোপুরি তদন্তের পর ঘটনার মূল কারণ জানা যাবে।