কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের ব্যক্তিগত সহকারী রবিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার সন্তানদের মধ্যে কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন পঞ্চম। কৃষিমন্ত্রীর শ্যালক জসিম উদ্দিন জানান, মরহুমার জানাজার নামাজ আগামীকাল বুধবার দুপুর ২টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে। মরহুমের স্বামীর (কৃষিমন্ত্রীর বাবা) কবরের পাশেই তাকে দাফন করা হবে। কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে কুমিল্লার ১১টি আসনের সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।
এদিকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাজী আমিন উর-রশীদ- ইয়াছিনের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক শোকবার্তায় কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তার মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য গভীর বেদনার। মরহুমার স্নেহ, মমতা ও স্মৃতি স্বজনদের মধ্যে চিরদিন বেঁচে থাকবে। প্রতিমন্ত্রী মহান আল্লাহর নিকট মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, মন্ত্রীর মায়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, আমরা গভীর শোকাহত। মন্ত্রী মহোদয়ের মা ছিলেন একজন আদর্শ মা। তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, কৃষি মন্ত্রীর মায়ের ইন্তেকালে আমরা শোকাহত। তিনি ছিলেন রত্নগর্ভা মা। ওনার জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি।