ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৩৮) নামে এক দিনমজুর ও মার্জিয়া খাতুন (২২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোর ৫টা ২৩ মিনিটের দিকে সম্মুখ বৈলর দারুত তাকওয়া হিফজ মাদ্রাসার সামনে মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তিনি ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রাধাকানাই দরিবাড়ি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন তিনি। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি পালিয়ে যায়।
অন্যদিকে, সকাল ৯টার দিকে সাইফুল কমিশনার বাড়ির সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যানকে দ্রুতগতির বাস ধাক্কা দেয়। এতে ভ্যানের কয়েকজন যাত্রী সড়কে ছিটকে পড়েন। এ সময় সড়কে পড়ে থাকা মার্জিয়া খাতুনের ওপর দিয়ে বাস চলে গেলে গুরুতর আহত অবস্থায় পরে তার মৃত্যু হয়। নিহত মার্জিয়া ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া গ্রামের বাসিন্দা ও মো. তামিম মিয়ার স্ত্রী।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই দিনে দুই দুর্ঘটনায় প্রাণহানিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।