এক দশক পর পর্দায় ফিরছে ‘দ্য ইনবিটুইনার্স’

এফএনএস বিনোদন | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৫ এএম
এক দশক পর পর্দায় ফিরছে ‘দ্য ইনবিটুইনার্স’

এক দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছেন ‘দ্য ইনবিটুইনার্স’-এর জনপ্রিয় চার বন্ধু উইল, জয়, নীল ও সাইমন। ব্রিটিশ এই কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এরই মধ্যে শুরু হয়ে গেছে নতুন সিনেমাটির শুটিং। দর্শকদের পুরোনো স্মৃতি ফিরিয়ে দিতে চার প্রধান চরিত্রে থাকছেন আগের অভিনয়শিল্পীরাই। ফলে সাইমন বার্ড, জেমস বাকলি, ব্লেক হ্যারিসন ও জো থমাসকে আবারও একসঙ্গে দেখা যাবে পর্দায়। তবে পার্শ্ববর্তী চরিত্রগুলোর অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করেনি নেটফ্লিক্স। নতুন সিনেমা ঘিরে এরই মধ্যে ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বিশেষ টিজারে চার বন্ধুকে আবারও সেই পরিচিত হলুদ রঙের ফিয়াট গাড়িতে দেখা গেছে। টিজারটি প্রকাশের পর সিরিজটির পুরোনো দর্শকদের পাশাপাশি নতুন প্রজন্মের ভক্তদের মধ্যেও আগ্রহ বেড়েছে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ই-ফোর চ্যানেলে প্রচারিত ‘দ্য ইনবিটুইনার্স’ কিশোর বয়সের বন্ধুত্ব, নানা জটিলতা ও হাস্যরসের গল্প দিয়ে দ্রুত জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির বিভিন্ন ক্লিপ ছড়িয়ে পড়ায় নতুন প্রজন্মের কাছেও এর জনপ্রিয়তা বাড়তে থাকে। এর আগে ২০১১ ও ২০১৪ সালে ফিল্ম-ফোরের ব্যানারে ফ্র্যাঞ্চাইজিটির দুটি সিনেমা মুক্তি পেয়েছিল। প্রথম সিনেমার গল্পে চার বন্ধুর গ্রিসের ক্রিট দ্বীপ ভ্রমণ এবং দ্বিতীয়টিতে তাদের অস্ট্রেলিয়া সফরের রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরা হয়। মুক্তির পর দুটি সিনেমাই বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পায়। নতুন কিস্তির চিত্রনাট্য ও পরিচালনায় ফিরছেন সিরিজটির মূল স্রষ্টা ড্যামন বিসলি ও ইয়েন মরিস। দীর্ঘ বিরতির পর পুরোনো চরিত্র ও অভিনেতাদের নিয়ে আবারও কাজ শুরু করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। দর্শকদের জন্য নতুন গল্পে আগের সেই হাস্যরস ও বন্ধুত্বের আবহ ধরে রাখার পাশাপাশি আরও চমক দেওয়ার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন নির্মাতারা।