কাহারোলে ভারপ্রাপ্তের আক্রান্তে শিক্ষা প্রতিষ্ঠান

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫১ পিএম
কাহারোলে ভারপ্রাপ্তের আক্রান্তে শিক্ষা প্রতিষ্ঠান

দিনাজপুরের কাহারোল উপজেলার উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় দীর্ঘ দিন হতে প্রতিষ্ঠানের প্রধান না থাকায় ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে ঢিলেঢালা ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিন থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ নেই। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান না থাকায় ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা। 

কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কাহারোল বাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদটি দীর্ঘদিন থেকে শূন্য। অপরদিকে, উপজেলার একমাত্র সরকারি কলেজে নেই অধ্যক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কলেজটি। অন্যদিকে মুকুন্দপুর দ্বিতীয় আলিম মাদরাসায় নেই অধ্যক্ষ। ভারপ্রাপ্ত দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। তাছাড়া উপজেলার পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়, কান্তনগর উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, বলেয়া উচ্চ বিদ্যালয়, ভাবরদিঘী উচ্চ বিদ্যালয়, বনোড়া উচ্চ বিদ্যালয় ও দাউদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এইসকল প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। এইসকল পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে। অভিভাবকেরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তিনি সকল ভালো মন্দ দেখভাল করেন এবং সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রধানগণ শুধু দায়িত্ব পালন করেন কিন্ত সমস্যা চিহ্নিত করে সমাধান করতে পারেন না। অভিভাবকেরা আরো বলেন, দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন মনে করছেন। 

এই ব্যাপারে কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে থাকা) মো: আবুল কালাম আজাদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটি না থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ দেওয়া যাচ্ছে না। পরিপত্র এলে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিনি আরো জানান, অতিরিক্ত দায়িত্বে আছি, ৪টি উপজেলার দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছি। স্কুল পরিদর্শন তো দূরের কথা অফিসে বসার সময়ও পাওয়া যায় না। কাহারোল উপজেলায় একদিন দায়িত্ব পালন করছি শুধুমাত্র সোমবার। আপনারাই বলেন, অফিস সামলাবো না স্কুল পরিদর্শন করবো।

আপনার জেলার সংবাদ পড়তে