চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচশ’ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০০ পিএম
চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচশ’ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় পাঁচশ’ মেধাবী শিক্ষার্থীকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের বাসভবন প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করে জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার এবং চাঁদপুরকে শিক্ষার অন্যতম কেন্দ্রে রূপান্তর করতে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, চাঁদপুরে উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত করতে ইতিমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে এবং চাঁদপুর মেডিকেল কলেজের কার্যক্রম এগিয়ে চলেছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শিক্ষা খাতের দৃশ্যমান এই উন্নয়নগুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখবে।
মেধাবী শিক্ষার্থীদের দেশ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে এমপি মানিক বলেন, শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, সংস্কৃতি ও ধর্মীয় চর্চায় যুক্ত হতে হবে। একই সাথে সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও ভূমি দখলদারিত্ব নির্মূলে যুবসমাজকে সোচ্চার থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না; প্রয়োজনে জরুরি সেবা ৯৯৯-এ কল করে বা ছবি-ভিডিও পাঠিয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ, জেলা প্রশাসক আহমদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দের মধ্য থেকে অনেকেই তাদের অনুভূতি ব্যক্ত করেন। আলোচনা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননাপত্র তুলে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে