সৈয়দপুরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৮ পিএম
সৈয়দপুরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নীলফামারীর সৈয়দপুর হামুর হাটে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং এলাকায় মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

১২ সেপ্টেম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরীর উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাংসদ আলহাজ্ব শওকত চৌধুরী ও নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আক্তার, বিএনপি নেতা অধ্যক্ষ লুৎফর চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, কৃষকদলের সাধারণ সম্পাদক মিজু বসুনিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা। সভায় মাদক নির্মূলে নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানা পুলিশকে তথ্য দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার বিষয়ে মত দেন উপস্থিতরা। সমাবেশে সভাপতিত্ব করেন খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অনুষ্ঠানের আয়োজক জুয়েল চৌধুরী। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে