একদিনে হাম উপসর্গে আরও ৩ জনের প্রাণহানি

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৪ পিএম
একদিনে হাম উপসর্গে আরও ৩ জনের প্রাণহানি

দেশজুড়ে হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৩ জন মারা গেছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ২২ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে নতুন করে ৯৬৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শুধু ঢাকা বিভাগেই ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে হাম উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ১ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ৯২২ জন ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯০৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এনিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সাথে এই সময়ে মোট ২০ হাজার ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন ছাড়পত্র পেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে